মঙ্গলের উপগ্রহ ফোবোস থেকে মাটি ও পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশ অভিযান চালানোর পরিকল্পনা করেছে জাপান। অভিযানটি সফল হলে মঙ্গলের কোনো উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি হবে প্রথম ঘটনা।
রোববার জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচারের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে ‘মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন’ (এমএমএক্স) অভিযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) পরিচালিত এ অভিযানে তিনটি মডিউল থাকবে। প্রকল্পটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৫৩ কোটি ইয়েন।
অভিযানের অনুসন্ধান মডিউলে থাকবে নমুনা সংগ্রহের সরঞ্জাম, পর্যবেক্ষণ যন্ত্র এবং দুটি অতি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা। এসব যন্ত্রের সাহায্যে ফোবোসের পৃষ্ঠ পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় এক বছর পর মহাকাশযানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছাবে। এরপর প্রায় তিন বছর ধরে মঙ্গল ও এর উপগ্রহগুলো পর্যবেক্ষণ করবে এটি।
অভিযানের অংশ হিসেবে ফোবোস থেকে সংগ্রহ করা নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। জাপানের অর্থবছর ২০৩২ সালের মার্চে শেষ হওয়ার আগেই নমুনা নিয়ে ফেরার মডিউলটি পৃথিবীতে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
ফোবোস মঙ্গলের দুটি প্রাকৃতিক উপগ্রহের একটি। অন্যটি হলো ডেইমোস। বিজ্ঞানীরা মনে করেন, ফোবোসের গঠন ও পৃষ্ঠের উপাদান বিশ্লেষণ করে মঙ্গলের উপগ্রহগুলোর উৎপত্তি এবং সৌরজগতের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
পৃথিবীতে ফিরিয়ে আনা নমুনা উন্নত পরীক্ষাগারে বিশ্লেষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে ফোবোসের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীদের প্রচলিত ধারণা যাচাই করার সুযোগ তৈরি হবে।
