কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। আগুনে আহত মোট ৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার কর্মকর্তারা জানান, শনিবার বিকেলে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের একটি প্রশিক্ষণ এলাকায় ঘাসে আগুন লাগে। পরে ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে আগুন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে যায়।
নিহত চার সেনার পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকমার্ক।
আগুন লাগার সময় ওই এলাকায় ৮৫ জন সেনা জীবন্ত গোলাবারুদ ব্যবহার করে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। লাটভিয়ায় দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে তারা এ প্রশিক্ষণে অংশ নেন। বর্তমানে লাটভিয়ায় কানাডার সবচেয়ে বড় আন্তর্জাতিক সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঘটনায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ জানিয়েছেন, আহতদের অনেকের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বিশেষায়িত নিবিড় চিকিৎসার প্রয়োজন হতে পারে। আহতদের এডমন্টন, ওয়েনরাইট, ক্যালগারি ও রেড ডিয়ারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে এলাকার তেল ও গ্যাস অবকাঠামোর কোনো সম্পর্ক রয়েছে বলে তারা মনে করছেন না। একই সঙ্গে বাইরে থেকে কেউ আগুন লাগিয়েছে, এমন সম্ভাবনাও নাকচ করেছেন তারা।
