শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উত্তরাখণ্ডে পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

উত্তরাখণ্ডে পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বদ্রীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাহাড়ের ঢালে সেটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। খবর এনডিটিভির।

কর্মকর্তারা জানান, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এরপর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসসংলগ্ন পাহাড়ের ঢালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহত ব্যক্তিদের সবাই পুরুষ। তাঁদের মধ্যে পাঁচজন যাত্রী ও একজন পাইলট রয়েছেন। যাত্রীদের নাম প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। পাইলটের নাম ক্যাপ্টেন হিমাংশু।

উত্তরাখণ্ডের বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালিত হেলিকপ্টারটির নিবন্ধন নম্বর ছিল ভিটি-এইচসিএক্স। এটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সাহাস্ত্রধারার উদ্দেশে যাচ্ছিল। যোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থায়ও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশনের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি দুর্ঘটনার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। কেউ গুরুতর আহত হয়ে থাকলে তাঁকে দ্রুত বিমানযোগে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।