যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে ভৌগোলিক সীমারেখা ছাড়াই পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) তাঁর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন, অর্থাৎ ৪ নভেম্বর থেকে হামলা শুরু হতে পারে।
বিবৃতিতে খামেনি বলেন, ‘শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে কখন এবং কীভাবে তার অবসান ঘটবে, তা নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানি জনগণ।’
বিবৃতিটি প্রকাশের সময় খামেনির সঙ্গে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বৈঠক চলছিল বলে জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। সর্বোচ্চ নেতা হওয়ার পর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই খামেনির প্রথম প্রকাশিত বৈঠকের খবর।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। ওই হামলায় তিনিও আহত হয়েছিলেন বলে ধারণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, সামরিক কমান্ডারদের যেকোনো ধরনের বা মাত্রার হুমকির তাৎক্ষণিক, কার্যকর ও ভৌগোলিক সীমাবদ্ধতাহীন জবাব নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খামেনি।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘আমেরিকান-জায়নিস্ট শত্রু’ আখ্যা দিয়ে তাদের দৃশ্যমান ও অদৃশ্য সব সম্পদকে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
চলতি বছরের যুদ্ধে ইরান হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা। ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত দিয়েগো গার্সিয়া বিমানঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে ইউরোপের প্রায় যেকোনো স্থানে আঘাত হানার সক্ষমতার ইঙ্গিত পাওয়া যায়।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ইউরোপের জন্য হুমকি হিসেবে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা। এ নিয়ে তাঁরা একাধিকবার সতর্ক করেছেন। ইউরোপের কয়েকটি দেশও মহাদেশজুড়ে ইহুদি লক্ষ্যবস্তুতে হামলা ও হামলার ষড়যন্ত্রের ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ আরও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীও।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া বলেন, ‘জায়নবাদীদের চাপের মুখে এবং তাদের সন্তুষ্ট করতে মার্কিন প্রেসিডেন্ট যদি আবারও আঞ্চলিক দুঃসাহসিকতায় জড়ান, তাহলে যুদ্ধের আগুন নিঃসন্দেহে আরও বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়বে।’
সূত্র: আরব নিউজ
