শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জাপানে ভারী তুষারপাত, পর্যটকসহ আটকা ১ হাজার ৫০০ মানুষ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, নভেম্বর ২১, ২০২৬

জাপানে ভারী তুষারপাত, পর্যটকসহ আটকা ১ হাজার ৫০০ মানুষ

জাপানের ফুকুশিমা প্রদেশে ভারী তুষারপাতের কারণে প্রায় ১ হাজার ৫০০ মানুষ আটকা পড়েছেন। তুষারের চাপে গাছ উপড়ে সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কিয়োদো নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ফুকুশিমা প্রদেশের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় এ ঘটনা ঘটেছে। আটকে পড়াদের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা। এ ছাড়া এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় থাকা প্রায় ৫০০ পর্যটকও আটকা পড়েছেন।

উরাবান্দাই জাপানের একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন এলাকা। শীত মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে অনেক পর্যটক ভিড় করেন। তবে ভারী তুষারপাতের কারণে গাছ উপড়ে সড়কের ওপর পড়ে থাকায় এলাকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপড়ে পড়া গাছ বিদ্যুতের লাইনেও আঘাত করেছে। এতে উদ্ধারকাজ ও পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। সড়ক থেকে গাছ সরানো এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে।

আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি