ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম ধাপ থেকে পাওয়া সম্পূর্ণ ৫০ কোটি মার্কিন ডলার দেশটির সরকারের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সর্বশেষ ২০ কোটি ডলার সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এর মাধ্যমে তেল বিক্রির প্রথম পর্যায়ের পুরো অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ওই কর্মকর্তা জানান, ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে তেল বিক্রি থেকে পাওয়া মোট ৫০ কোটি ডলার গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র সরকারের বিবেচনায় এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে।
গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে দেওয়া এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল স্বল্পমেয়াদি একটি উদ্যোগ। এর লক্ষ্য ছিল দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সরকারি কার্যক্রম সচল রাখা এবং সাধারণ জনগণকে সহায়তা করা।
মার্কো রুবিও বলেন, “আমরা ভেনেজুয়েলাকে তাদের নিজস্ব তেল ব্যবহার করে আয় করার সুযোগ দিয়েছি। এতে শিক্ষক, দমকলকর্মী ও পুলিশ সদস্যদের বেতন পরিশোধ এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে। এতে করে পুরো ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি কমেছে।”
মার্কিন কর্মকর্তারা জানান, তেল বিক্রি থেকে পাওয়া এই অর্থ কাতারে সংরক্ষণ করা হয়েছিল এবং সেটিকে একটি অস্থায়ী ও স্বল্পমেয়াদি তহবিল হিসেবে ব্যবহার করা হয়। ভেনেজুয়েলা সরকার যাতে জরুরি অর্থায়ন পেতে পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তাঁরা আরও জানান, ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি তহবিলে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। সেখান থেকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভেনেজুয়েলা সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যয় মেটানোর অনুমোদন দেওয়া হবে।
উল্লেখ্য, গত মাসে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির অংশ হিসেবে এই তেল বিক্রির ব্যবস্থা করা হয়। ওই চুক্তিটি হয় ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর।
