ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি স্থাপনায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তাদের দাবি অনুযায়ী, হামলায় এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গারসহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো ওই হামলায় ঘাঁটির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর জবাবে ইরান জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে।
তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, আল-আজরাক অঞ্চলের দিকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও জানিয়েছেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে এখনো পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।
