বুধবার, ১০ জুন ২০২৬

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩, ১১ জনই শিশু

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জুন ১০, ২০২৬

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩, ১১ জনই শিশু

পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের তিনটি প্রদেশে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাঁদের সবাই নারী ও শিশু। খবর রয়টার্সের।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক লোকজনের বাড়িঘর লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুজাহিদের দাবি, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয়স্থল ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ডে অবস্থানকারী জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে। তবে আফগান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। তাদের দাবি, পাকিস্তানে সশস্ত্র সহিংসতা দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

সর্বশেষ এই হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষে জড়িয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। পরে মার্চে উভয় দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করছে চীন।