ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করে তিনি ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোদি। পরে ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন তিনি। এ পর্যন্ত টানা ৪ হাজার ৩৯৯ দিন দায়িত্ব পালন করে তিনি নেহরুর দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন।
এই অর্জনের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক বার্তায় বলেন, এ মাইলফলক শুধু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয় নয়; বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের আস্থা ও বিশ্বাসেরও প্রতিফলন।
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ভিডিও বার্তায় মোদিকে নেতৃত্বের অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, মোদির নেতৃত্বে ২০ কোটির বেশি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার বলেন, মোদির নেতৃত্বে ভারত বৈশ্বিক নানা ইস্যুতে প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
তিনি আরও বলেন, সাধারণ পটভূমি থেকে উঠে এসে ১৪০ কোটির বেশি মানুষের দেশকে টানা তিন মেয়াদে নেতৃত্ব দেওয়ার যাত্রা বিশ্বজুড়ে অনেক মানুষের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
ঐতিহাসিক এ মাইলফলক অর্জনের পর মোদির তৃতীয় মেয়াদের বাকি সময়জুড়ে ভারতের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ অগ্রযাত্রার দিকে আন্তর্জাতিক মহলের নজর থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
