যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের উডসাইডে অবস্থিত মিশেল-লামা হাউজিং করপোরেশনের অন্তর্ভুক্ত ‘বিগ সিক্স টাওয়ার্স’ এর বার্ষিক বনভোজন ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম স্টেট পার্কের মনোরম ও ছায়াতরূ পরিবেশে এই বনভোজন সম্পন্ন হয়।
দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পার্ক প্রাঙ্গণ। সকাল ১১টা থেকে শুরু করে বিকেল ৭টা পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেন বিগ সিক্স টাওয়ার্সের বিপুল সংখ্যক বাসিন্দা।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন বয়সী প্রবাসী ও শিশুদের জন্য চিত্তাকর্ষক সব খেলাধুলা। এর মধ্যে ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, বড়দের বল খেলা, নারীদের জন্য বালিশ বদল (পিলো পাসিং) এবং দম্পতিদের (কাপল) অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘সাতচাড়া’ খেলা ছিল অন্যতম উপভোগ্য। বিশেষ করে দম্পতিদের সাতচাড়া খেলাটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। জমজমাট এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সন্দীপ দম্পতি, দ্বিতীয় হন হাবিব দম্পতি এবং তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ আলী দম্পতি। কাপলদের এই খেলাটি যৌথভাবে পরিচালনা করেন শাফী মাহমুদ ও নাজমা আকরাম।
বনভোজনের আনন্দঘন মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এসে শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনের ডিস্ট্রিক্ট-৩০ এর অন্যতম প্রধান প্রার্থী শামসুল হক।
বার্ষিক এই বনভোজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন নাজমা আকরাম, শেখ আকরাম, শাফী মাহমুদ, আলী হায়দার, রফিকুল ইসলাম জিয়া, আলী আহসান প্রিন্স, কাজী সোহেল, রফিকুল ইসলাম ও মোবারক হোসেন প্রমুখ।
পুরো আয়োজনের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফরিদা ইয়াসমীন ও শাফী মাহমুদ। দিনশেষে এক আনন্দমুখর পরিবেশে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
