নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ২০-আর২। ক্লাবটির উদ্যোগে এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের সহযোগিতায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘ব্যাক টু স্কুল গিভঅ্যাওয়ে’ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৭১-২৪, ৩৫তম অ্যাভিনিউতে অবস্থিত গোল্ডেন এইজ হোম কেয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি লায়ন্স ক্লাবের সদস্য এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে তাদের উৎসাহিত করা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য। শিশুদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে তাদের পড়াশোনায় সহায়তা করাই উদ্যোগটির মূল লক্ষ্য বলে জানান তাঁরা।
কর্মসূচির নেতৃত্বে ছিলেন নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২-এর ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ। কর্মসূচি বাস্তবায়নে ক্লাবের সভাপতি লায়ন আহসান হাবিব ও সাধারণ সম্পাদক লায়ন নিশান রহিম দায়িত্ব পালন করেন। সমন্বয় করেন লায়ন মো. বদরুদ্দোজা সাগর ও লায়ন অনিক রাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি গিয়ের্মো আলী পেরেজ, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর; পিডিজি মেদাদি সি, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর; পিডিজি আমাদো সি; নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ সায়েদ; সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানি; লায়ন এম.এস. আলম; আয়োজক সম্পাদক লায়ন অনিক রাজ ও লায়ন আবুবকর সিদ্দিক; পরিচালক লায়ন বেলাল আহমেদ, লায়ন শাহ জে. চৌধুরী ও ডা. নার্গিস রহমান এবং লায়ন নুরুল আজিম।
কর্মসূচিতে কমিউনিটি পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ডব্লিউএইচইসিএমআই ও সেভ দ্য স্মাইল।
