নিউইয়র্ক স্টেটের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট–৮৭ ব্রঙ্কস থেকে অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী সিপিএর নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
গত ৩ মে ব্রঙ্কসের স্টার্লিং–বাংলাবাজার এভিনিউ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ব্রঙ্কসের স্টার্লিং অ্যাভিনিউ থেকে ক্যাসেল হিল সাবওয়ে স্টেশন এলাকা পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
‘জাকির ফর দ্য ব্রঙ্কস’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ব্রঙ্কসকে পরিচ্ছন্ন রাখা এবং রাস্তাঘাটে আবর্জনা না ফেলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রায় ২০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সক্রিয় সহযোগিতায় ক্লিনিং প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা।
এ সময় জাকির চৌধুরী সিপিএ বলেন, সিগারেটের বর্জ্য, খাবারের খোসা, প্লাস্টিক ব্যাগ ও পলিথিনসহ বিভিন্ন ধরনের আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ে, যা শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ কারণে কমিউনিটির দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতেও এমন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।
