মরিশাসে কর্মস্থলে ভারী কাচের প্যানেলভর্তি একটি ক্রেট চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন দেস পাপায়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়ের ইসলাম (২৫)।
মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম লে দেফি মিডিয়া ও লে মরিসিয়েনের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকেরা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ক্রেট নামাচ্ছিলেন। এ সময় ভারী একটি ক্রেট উল্টে তাঁদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
লে মরিসিয়েনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্রেটটিতে ৬ ফুট বাই ৮ ফুট আকারের ৪১টি কাচের শিট ছিল।
দুর্ঘটনার পর প্লেইন দেস পাপায়েস পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধারকাজে অংশ নেয় দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। পরে মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে নেওয়া হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, ভারী মালামাল ওঠানো-নামানোর জন্য যথাযথ সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দেশটির শ্রম মন্ত্রণালয়ও তদন্ত করতে পারে বলে জানা গেছে।
নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
