শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছু

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছু

ফিনল্যান্ডের বিমান সংস্থা ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের এওয়াই১৭৬১ ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। স্থানীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে নির্ধারিত সময়েই ফ্লাইটটি রোমে অবতরণ করে। এ সময় ইতালির যুদ্ধবিমান উড়ে গিয়ে ফ্লাইটটিকে পাহারা দিয়ে নিয়ে আসে।

ফিনএয়ারের যোগাযোগ ব্যবস্থাপক স্তিনা তুউনানেন জানান, বিমানটি অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ সেটিতে তল্লাশি চালায়। এ সময় পাইলট যাত্রীদের বোমা হামলার হুমকির বিষয়টি জানান। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এ ছাড়া ফিনএয়ারের হয়ে জেটটাইম পরিচালিত হেলসিঙ্কি-ভিয়েনা রুটের আরেকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে তল্লাশির পর এ হুমকিও ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়া যায়।

স্তিনা তুউনানেন বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিমান সংস্থাটির নির্ধারিত নিরাপত্তাপদ্ধতি অনুসরণ করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করে কাজ করা হয়েছে।

তিনি আরও জানান, গত এক সপ্তাহে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমানবন্দর ও একাধিক বিমান সংস্থার বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।