মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাউন্ট এভারেস্টে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

মাউন্ট এভারেস্টে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের এক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এভারেস্ট বেস ক্যাম্প এলাকায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। ভিডিওতে দেখা যায়, অবতরণের সময় হেলিকপ্টার দুটির পাখায় সংঘর্ষ হয়। এরপর সেগুলো বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে।

হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেল এয়ার জানিয়েছে, এভারেস্ট অঞ্চল থেকে পর্যটকদের উদ্ধার করে ফেরার পথে তাদের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। এতে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন।

অন্যদিকে ডাইনেস্টি এয়ারের হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিলেন না। সেটিতে শুধু মালামাল ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।

নেপালে এখন পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুম। এ সময় পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত এবং উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে দুর্গম পাহাড়ি এলাকা, আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং উচ্চতায় বাতাসের ঘনত্ব কম থাকায় সেখানে উড়োজাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ।

নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত। প্রতিবছর হাজারো বিদেশি পর্বতারোহী ও পর্যটক দেশটিতে ভ্রমণ করেন।

এর কয়েক দিন আগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথে উড্ডয়নের পরপরই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলটসহ ছয়জন নিহত হন।