যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে বেলুনের একটি অংশ গলায় আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রথম জন্মদিনের মাত্র দুই দিন আগে গত ২৪ অক্টোবর শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মা কিশা আভিটা-উইলসন এনবিসি শিকাগোকে জানান, হ্যালোইন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পশুর আকৃতির বেলুন রাখা হয়েছিল। শিশুটিকে বেলুন থেকে দূরে রাখার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু একটি বেলুনের বাঁধা অংশ খুলে গেলে শিশুটি সেটি হাতে নিয়ে কামড় দেয়। একপর্যায়ে বেলুনের অংশটি তার খাদ্যনালির নিচের দিকে আটকে যায়।
শিশুটির মা জানান, দ্রুত তাকে গাড়ির আসন থেকে তুলে সিপিআর দেওয়ার চেষ্টা করেন তিনি। একই সঙ্গে শিশুটির গলা থেকে বেলুনের অংশটি বের করার চেষ্টা করেন। সঙ্গে থাকা আরেক ব্যক্তিও তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিশুটির শরীর নীল হয়ে যায় এবং হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে জরুরি সেবাকর্মীরাও তাকে বাঁচাতে পারেননি।
পরিবার জানিয়েছে, শিশুটির মৃত্যুতে মা ও স্বজনেরা শোকাহত। এ ঘটনার মানসিক চাপে শিশুটির মা আগেভাগেই প্রসবব্যথা অনুভব করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।
এ ঘটনার পর অন্য অভিভাবকদেরও সতর্ক করেছেন শিশুটির মা। বিশেষ করে ছোট শিশুদের নাগালের বাইরে বেলুন এবং ফেটে যাওয়া বেলুনের টুকরা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
শিশুদের জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে বেলুনের ব্যবহার প্রচলিত। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ল্যাটেক্স বেলুন ও এর ছোট টুকরা শিশুদের শ্বাসনালিতে আটকে শ্বাসরোধের কারণ হতে পারে।
