সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ওমানের সুলতান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ওমানের সুলতান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার ওমানের রাজধানী মাস্কাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আল-জাজিরার প্রতিবেদনে ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়।

সংঘাত শুরুর পর থেকেই ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটি উত্তেজনা কমাতে কূটনৈতিক সংলাপের আয়োজনের পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে অবৈধ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানায়, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় কূটনীতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।

এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও ফোনে কথা বলেন আব্বাস আরাঘচি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।