জি–৭ সম্মেলনের এক বৈঠকে প্রবেশ করে ‘আমি-ই বস’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মন্তব্যে উপস্থিত বিশ্বনেতাদের মধ্যে হাসির রোল পড়ে। খবর রয়টার্সের।
ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও জার্মানির শীর্ষ নেতারা অংশ নেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) কর্মকর্তাদের সঙ্গে জি–৭ নেতাদের এক বৈঠকের আগে ট্রাম্প কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি মজা করে বলেন, ‘আমি-ই বস।’ তাঁর এ মন্তব্যে উপস্থিত নেতাদের মধ্যে হাসির প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জি–৭ সফরকে ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেন।
পোস্টে তিনি বলেন, এই সফর অত্যন্ত সফল হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুটি বিষয় ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া প্রয়োজন।
এবারের জি–৭ সম্মেলনের আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। এর মধ্যেই ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্য সম্মেলনের আনুষ্ঠানিক পরিবেশে কিছুটা হালকা ও রসাত্মক আবহ তৈরি করে।
