মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে কমল তেলের দাম

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জুন ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতার ঘোষণা আসার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় জ্বালানি বাজারে স্বস্তি ফিরেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারকে সই করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হবে।

বিশ্লেষকেরা বলছেন, কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে তেলের বাজারে যে অনিশ্চয়তা ও ঝুঁকি তৈরি হয়েছিল, সমঝোতার সম্ভাবনায় তা দ্রুত কমতে শুরু করেছে। এতে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা জোরদার হয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত তিন মাসের বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথে অচলাবস্থা থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছিল।

তবে বিশেষজ্ঞদের মতে, তেলের দাম আরও কতটা কমবে, তা নির্ভর করবে মধ্যপ্রাচ্যের উৎপাদনকারী দেশগুলো কত দ্রুত উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক করতে পারে এবং আগামী ৬০ দিনের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা কতটা এগোয়, তার ওপর।

এদিকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে তারা বিবেচনা করবে।