মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকা অঙ্গরাজ্যে সশস্ত্র হামলায় এক মেয়র নিহত হয়েছেন। নিহত জোয়েল ব্রাভো সান মিগেল আমাতিতলান শহরের মেয়র ছিলেন।
শনিবার (১৩ জুন) অঙ্গরাজ্যটির প্রসিকিউটর কার্যালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, হামলার ঘটনায় মেয়র নিহত হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ওয়াহাকার গভর্নর সালোমোন হারা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, রাজ্যে কোনো ধরনের সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বরদাশত করা হবে না।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট অভিযান চালাচ্ছে। এ কাজে ফেডারেল নিরাপত্তা বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।
ওয়াহাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচারকারী দুই প্রভাবশালী গোষ্ঠী, জালিস্কো নুয়েভা জেনারাসিওন (সিজেএনজি) ও সিনালোয়া কার্টেল সক্রিয় রয়েছে। মাদক পাচারের রুট ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এসব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে মেয়র জোয়েল ব্রাভোর হত্যাকাণ্ডের সঙ্গে কোনো অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।
