রবিবার, ১৪ জুন ২০২৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ ঘোষণা করল ইরান

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, জুন ১৪, ২০২৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ ঘোষণা করল ইরান


ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘোষণা অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে তাঁর জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ৯ জুলাই জন্মস্থান মাশহাদে তাঁকে দাফন করা হবে।

শনিবার (১৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, ৪ জুলাই থেকে টানা তিন দিন তেহরানে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই মাশহাদে তাঁকে সমাহিত করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে দাফনের পরিকল্পনা করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে তা স্থগিত করা হয়।
৮৬ বছর বয়সী আলি খামেনি গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আলি খামেনি। পরবর্তী তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোর কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুর পর পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।