রবিবার, ২৮ জুন ২০২৬

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, জুন ২৬, ২০২৬

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার

ডেনমার্ক সরকার দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আইনি পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। সরকার জানিয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা দেশটির সংবিধান ও বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরীক্ষা করে দেখা হবে।

সরকারের প্রতিনিধি এবং সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির নেতা মর্টেন বডস্কভ বলেন, ডেনমার্কের আকাশে লাউডস্পিকারে আজানের ধ্বনি শোনা উচিত নয়। এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকরের আইনি ভিত্তি তৈরি করা সম্ভব কি না, তা সরকার পর্যালোচনা করবে। তাঁর দাবি, ধীরে ধীরে ‘ইসলামায়ন’ দেশটির জনপরিসরে অতিরিক্ত প্রভাব ফেলছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম জিবি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কে এটি তৃতীয়বারের মতো কোনো অভিবাসনমন্ত্রী প্রকাশ্যে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধের আইনি ভিত্তি তৈরির উদ্যোগ নিলেন। এর আগে ২০২০ ও ২০২৫ সালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

ইসলামে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান হিসেবে মসজিদের মিনার থেকে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচার করা হয়। তবে ডেনমার্কের কিছু এলাকায়, বিশেষ করে রাজধানী কোপেনহেগেনে, শব্দদূষণসংক্রান্ত স্থানীয় বিধিনিষেধের কারণে বাইরে লাউডস্পিকারে আজান সম্প্রচারের অনুমতি নেই। কোপেনহেগেনের গ্র্যান্ড মসজিদও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাইরে আজান সম্প্রচার করে না।

তবে দেশব্যাপী এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করতে গেলে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। এ ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। ডেনমার্কের সংবিধানে প্রকাশ্যে ধর্মীয় উপাসনার অধিকার নিশ্চিত করা হয়েছে। তবে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড বা নিষিদ্ধ সংগঠনের অর্থায়নের মতো কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী বিধান রয়েছে।