বুধবার, ০১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের ঘরে জন্ম নিল দুই জোড়া যমজ ছেলে

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের ঘরে জন্ম নিল দুই জোড়া যমজ ছেলে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একই পরিবারের দুই বোনের ঘরে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে জন্ম নিয়েছে দুই জোড়া যমজ ছেলে। প্রায় একই সময়ে গর্ভধারণ, দুজনেরই যমজ সন্তান ধারণ এবং অল্প সময়ের ব্যবধানে সন্তান জন্মের এই বিরল ঘটনা চিকিৎসক ও পরিবারের সদস্যদের বিস্মিত করেছে।

টেক্সাসের লংভিউ শহরের বাসিন্দা দুই বোন রেইনি জোন্স ও ডারিয়ান লো প্রথমে জানতে পারেন, তারা প্রায় একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, দুজনের গর্ভেই রয়েছে যমজ সন্তান।

গত ১৯ মার্চ স্থানীয় সময় দুপুরে ডারিয়ান লো অভিন্ন (আইডেন্টিক্যাল) যমজ ছেলে ওয়াইল্ডার ও ওয়াকারের জন্ম দেন।

এর প্রায় ১৩ ঘণ্টা পর, ২০ মার্চ ভোরে রেইনি জোন্স জন্ম দেন ভ্রাতৃপ্রতিম (ফ্র্যাটার্নাল) যমজ ছেলে বেন ও রোয়ানকে। যদিও তাঁর সন্তানদের সম্ভাব্য জন্মতারিখ ছিল ১ জুন। বোনের নবজাতকদের দেখে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই নির্ধারিত সময়ের আগেই তাঁর সন্তানদের জন্ম হয়।

জন্মের পর চার নবজাতকের মধ্যে দুজনকে কয়েক দিন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছিল। পরে ২৬ মে নাগাদ চারজনই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

রেইনি জোন্স বলেন, তাঁরা চেয়েছিলেন কাছাকাছি সময়ে সন্তান জন্মাক। কিন্তু মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের সন্তান জন্ম নেবে, তা কখনো কল্পনাও করেননি।

ঘটনাটিকে আরও ব্যতিক্রমী করেছে পরিবারের ইতিহাস। রেইনি ও ডারিয়ান নিজেরা যমজ নন। তবে তাঁদের ছোট ভাই-বোন হ্যাডলি ও হাডসন যমজ, যাদের বয়স বর্তমানে প্রায় ১২ বছর।

পরিবারের মা শ্যানন জ্যাকসন বলেন, এক মুহূর্তে তিনি চার নাতির দাদি হয়েছেন। ছোটবেলা থেকেই বড় পরিবারের স্বপ্ন দেখতেন। মেয়েদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, চার নবজাতককে ঘিরে এখন পুরো পরিবারে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। দুই বোনও বলছেন, মাতৃত্বের এই অভিজ্ঞতা তাঁদের সম্পর্ককে আরও গভীর করেছে।