রবিবার, ১২ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, জুলাই ১১, ২০২৬

২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু

বিশ্বকাপে খেলে ফিরেছিলেন কয়েক সপ্তাহ আগেই। এরপর হঠাৎই এলো মর্মান্তিক খবর। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। যার মৃত্যুর কারণ এখনও রহস্যে ঘেরা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। দল নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয়।

অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গভীর শোক ও বিস্ময়ের সঙ্গে জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর জানতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজনকে হারালো। তার পরিবার, সতীর্থ এবং লাখো সমর্থকের সঙ্গে পুরো দেশ আজ শোকাহত।’

শনিবার সকালে কেপ টাউনের কেন্দ্রীয় উপশহর স্কটসচেকলুফের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি, তবে সেটি অ্যাডামসের মরদেহ বলে নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

ম্যাকেঞ্জি আরও জানান, ‘জেইডেনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ, কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও ক্লাবকে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষার সুযোগ দিন। যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাবে।’