বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে ইরান

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে ইরান

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রেখেছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রতিটি পর্যায়ে, এমনকি সমঝোতা কার্যকর হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন চালিয়ে গেছে।

শেখারচির ভাষ্য, কারখানায় উৎপাদিত ক্ষেপণাস্ত্র সরাসরি সামরিক ইউনিটে পাঠানো হচ্ছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের মজুতও পুনরায় পূরণ করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করতে পারেনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় অনেক বেশি হামলা সহ্য করার সক্ষমতা দেখিয়েছে ইরান।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গত মে মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) মূল্যায়ন করেছিল, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরানের প্রায় ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্রের মজুত তখনও অক্ষত ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের তৈরি ড্রোন তুলনামূলক কম খরচে উৎপাদন করা সম্ভব হলেও সেগুলো প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে।