ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত বাধাদানকারী ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘কৌশলগত ও আন্তর্জাতিক অধ্যয়ন কেন্দ্র’।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত ‘প্যাট্রিয়ট’ বাধাদানকারী ক্ষেপণাস্ত্রের প্রায় এক-তৃতীয়াংশ এবং ‘থাড’ ব্যবস্থার প্রায় অর্ধেক বাধাদানকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ২ হাজার ৩৩০টি ‘প্যাট্রিয়ট’ বাধাদানকারী ক্ষেপণাস্ত্র ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে ৭৫৯ থেকে ৮২৭টির মধ্যে নেমে এসেছে।
অন্যদিকে, সংঘাতের আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৪৫২টি ‘থাড’ ব্যবস্থার বাধাদানকারী ক্ষেপণাস্ত্র ছিল। বর্তমানে এর অবশিষ্ট রয়েছে ২৩৪ থেকে ২৭৮টি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ২০২৭ অর্থবছরের বাজেটসংক্রান্ত নথি এবং প্রকাশ্য তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে এখন আগের তুলনায় কমসংখ্যক বাধাদানকারী ক্ষেপণাস্ত্র দিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র ব্যবহারে আরও কৌশলগত সিদ্ধান্ত নিতে হতে পারে।
সূত্র: আল জাজিরা।
