যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যেই বড় ধরনের সামরিক সাফল্য অর্জন করেছে। তাঁর ভাষ্য, ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা কোরিয়ার মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের তুলনায় মাত্র পাঁচ মাসেই ইরানের সামরিক সক্ষমতায় বড় আঘাত হানা হয়েছে। খবর সিবিএস নিউজের।
শুক্রবার (৩১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা অসাধারণ কাজ করেছি। আমরা সেখানে মাত্র পাঁচ মাস ধরে আছি। ভিয়েতনামে ২০ বছর ছিলাম, আফগানিস্তানে বহু বছর ছিলাম, কোরিয়াতেও দীর্ঘ সময় যুদ্ধ চলেছে। কিন্তু ইরানে মাত্র পাঁচ মাসেই তাদের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছি।’
তিনি আরও দাবি করেন, ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনো অবশিষ্ট থাকলেও সেটিও বেশিদিন থাকবে না।
মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প অর্থনীতি ও অভিবাসন নিয়ে কথা বললেও পরে বারবার ইরান প্রসঙ্গে ফিরে আসেন। এ সময় চলমান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষের বিষয়টি তিনি গুরুত্ব দেননি।
ট্রাম্প বলেন, ‘ইরানের অবস্থা খুবই খারাপ। যদি কোথাও ভিন্ন ধরনের খবর পড়ে থাকেন, তাহলে সেটি ভুল। তারা খুব খারাপ অবস্থায় আছে। তারা অত্যন্ত অসৎ ছিল এবং তাদের সঙ্গে আলোচনা করাও অসম্মানজনক ছিল। তবে এখন তারা খুবই দুর্বল অবস্থায় রয়েছে।’
