রবিবার, ০২ আগষ্ট ২০২৬

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক নয়, অবস্থান পরিষ্কার করল হুথিরা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, আগস্ট ১, ২০২৬

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক নয়, অবস্থান পরিষ্কার করল হুথিরা

লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর কোনো শুল্ক আরোপের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। শনিবার তাদের পরিচালিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার এক বিবৃতিতে জানায়, বাব আল-মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল আগের মতোই শুল্কমুক্ত থাকবে।

হুথিরা আরও বলেছে, এই প্রণালী পারাপারের জন্য কেউ অর্থ দাবি করলে তারা ইয়েমেন সরকার বা হুথি প্রশাসনের প্রতিনিধি নয়। নৌ-পরিবহন কোম্পানিগুলোকে এমন কোনো অননুমোদিত পক্ষকে অর্থ বা তথ্য না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর বাব আল-মানদেব প্রণালী ব্যবহারকারী জাহাজের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে হুথিরা।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় সৌদি আরব বাংলাদেশসহ ১৪টি দেশের একটি যৌথ সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। জোটটির লক্ষ্য লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।