মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় জানিয়েছে, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ইরানকে ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। খবর আল জাজিরার।
সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব সময় পরিস্থিতির ওপর নজর রাখতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া বা ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে, এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ইরান পূর্ব সতর্কতা ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এছাড়া আগে লক্ষ্যবস্তু ছিল না এমন কিছু এলাকাতেও, যেমন মিসরে, হামলার পরিধি বিস্তারের অভিযোগ করা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার না হলেও ভবিষ্যতেও সেগুলো নিরাপদ থাকবে, এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই এ অঞ্চলে থাকা সব মার্কিন নাগরিককে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা।
