তীব্র তাপপ্রবাহে অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশটির আবহাওয়া সংস্থা জিওস্ফিয়ার অস্ট্রিয়ার তথ্যের বরাতে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ভিয়েনার স্টামার্সডর্ফ এলাকায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই অস্ট্রিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার তাপপ্রবাহ সবচেয়ে তীব্র থাকবে। বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় ভিয়েনা, উত্তর বুর্গেনল্যান্ড এবং উত্তর-পূর্ব লোয়ার অস্ট্রিয়া অঞ্চলের জন্য সর্বোচ্চ স্তরের লাল সতর্কতা জারি করেছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া।
এ ছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
