ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দাবি অস্বীকার করেছে তেহরান। দেশটির ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হামিদ বোভার্ড বলেছেন, দ্বীপটিতে তেল উত্তোলন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স নুরনিউজের বরাত দিয়ে জানিয়েছে, খার্গ দ্বীপে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ধ্বংস করার যে দাবি করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন বোভার্ড।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইনের পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টের সঙ্গে বিস্ফোরণের একটি ভিডিওও প্রকাশ করেন তিনি।
তবে রয়টার্সের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় হামিদ বোভার্ড বলেন, ‘ট্রাম্পের পোস্টগুলো হাস্যকর। খার্গের পরিস্থিতি শান্ত রয়েছে।’ তিনি জানান, ইরানের প্রায় ৯০ শতাংশ তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হয়।
বোভার্ড আরও বলেন, এর আগেও মার্কিন ও ইসরায়েলি বাহিনী খার্গ দ্বীপে বোমা হামলা চালিয়েছে। তবে তেলশ্রমিকেরা এক মুহূর্তের জন্যও তাঁদের কার্যক্রম বন্ধ করেননি।
তিনি জানান, বর্তমানে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দ্বীপটির তেল সংরক্ষণ ট্যাংক ও জেটিগুলো পুনর্নির্মাণ এবং আধুনিকায়নের কাজ করছে।
সূত্র: ডন
