জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এসব কর্মসূচিকে ঘিরে উগ্রপন্থি গোষ্ঠীগুলো পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ‘জেন জেড স্টেহট আউফ’ নামের একটি উদ্যোগের ব্যানারে বার্লিন, হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের মতে, শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনা তরুণদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এসব বিষয়ে নিজেদের প্রতিবাদ ও দাবি তুলে ধরতেই দেশজুড়ে কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর সম্ভাব্য তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন পুলিশ। জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলেন, উগ্রপন্থিরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের বিক্ষোভকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে এ ধরনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
ফ্লোরিয়ান নাথ আরও বলেন, বিক্ষোভগুলো শিক্ষার্থীদের প্রকৃত ও ন্যায্য প্রতিবাদের বহিঃপ্রকাশ কি না, নাকি কেউ হ্যালোইন রাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে, তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে পুলিশ।
