বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফ্রান্সে মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

ফ্রান্সে মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানটির অপর আরোহী নেভিগেটর নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি মঙ্গলবার গভীর রাতে মের্ত-এ-মোজেল বিভাগে ন্যান্সি শহরের কাছে বিধ্বস্ত হয়।

বিমানটিতে পাইলট ও নেভিগেটরসহ দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে নিখোঁজ নেভিগেটরের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ন্যান্সি শহরের উত্তরে রোজভিল, দোমেভ্র-আঁ-হে ও ত্রঁব্লেকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কাছের শহর পঁ-আ-মুসোঁর মেয়র অঁরি লেমোয়েন জানান, দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ড্রোনের সাহায্যে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে উদ্ধার তৎপরতা চলমান থাকায় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য রোজভিলে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।