মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানিতে সহায়তার দাবি যুক্তরাষ্ট্রের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানিতে সহায়তার দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রপ্তানিতে সহায়তা করেছে মার্কিন বাহিনী। গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। রোববার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পরিদর্শন করেন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

সেন্টকমের দাবি, গত ছয় মাসে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ৩ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

মার্কিন সেনাবাহিনীর সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারে করে চলমান কার্যক্রম পরিদর্শন করেন ব্র্যাড কুপার। এ সময় সমুদ্রের মাইন অপসারণের কাজে নিয়োজিত সেনাসদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি।

কুপার বলেন, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি জাহাজ চলাচল-সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

সেন্টকম জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পেতে রাখা নৌমাইন অপসারণ করে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে মার্কিন বাহিনী। কুপারের দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলোতে এখন ইরানের পেতে রাখা কোনো মাইন নেই।

বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন মার্কিন সরকারি সংস্থা, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশ এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে মার্কিন বাহিনী।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৯৫ শতাংশের বেশি জাহাজ নিরাপদে পার হয়েছে। এ সময় আইআরজিসির কর্মকাণ্ডকে ‘অযৌক্তিক আগ্রাসন’ বলে উল্লেখ করেছে মার্কিন সামরিক কমান্ড।