যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার নির্বাচনে জয়ী হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির আইনসভায় নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং হিজাব পরা প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।
নিউইয়র্ক স্টেট সিনেটের ১২ নম্বর আসনে ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কাওয়াস। ৯০ শতাংশ ভোট গণনা শেষে তাঁর বিজয় নিশ্চিত হওয়ার কথা জানায় নিউইয়র্ক টাইমস।
কাওয়াসের নির্বাচনী স্লোগান ছিল ‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’। নির্বাচনী প্রচারে তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, সাশ্রয়ী আবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি যুদ্ধে অর্থায়ন বন্ধের পক্ষেও অবস্থান নেন তিনি।
নির্বাচনে কাওয়াসকে সমর্থন জানান নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য রাশিদা তালাইব।
রাজনীতিতে আসার আগে ১৫ বছরের বেশি সময় ধরে শ্রমিক, অভিবাসী ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করেছেন কাওয়াস। নিউইয়র্কের বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধের উদ্যোগেও যুক্ত ছিলেন তিনি।
ব্রুকলিনে ফিলিস্তিনি অভিবাসী বাবা-মায়ের ঘরে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াস অভিবাসীদের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর সঙ্গে নিউইয়র্কের স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার কাওয়াস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরুদ্ধেও বিক্ষোভ করেছিলেন। ওই বিক্ষোভের সময় তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: মিডল ইস্ট আই
