শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ সদস্য

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ সদস্য

বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এসব বিক্ষোভে ৪৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অন্তত ৫৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া অগ্নিকাণ্ডের ৮৬টি ঘটনা ঘটেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এসব গ্রেপ্তার, হতাহতের ঘটনা ও অগ্নিকাণ্ড ঘটেছে। প্যারিস, লিওঁ, রেন ও তুলুজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। তবে অধিকাংশ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ। তাঁদের মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন প্রায় ৬৫ হাজার। এর আগে প্রাথমিক হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ৬ লাখ বলে জানানো হয়েছিল।

তবে শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। শুধু প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার।

সিজিটি ইউনিয়নের মহাসচিব সোফি ধর্মঘটকে ‘অত্যন্ত কার্যকর’ বলে উল্লেখ করেছেন। শ্রমিকদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।