বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা

আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনসে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। তবে গ্রাহকদের আর্থিক তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

বিমান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসফিন তাসেউ গ্রাহকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক এ ঘটনায় কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

গ্রাহকদের পাঠানো বার্তায় সংস্থাটির শেবা মাইলস টিম জানায়, তাদের সিস্টেমে সীমিত পরিসরে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে গ্রাহকদের অবহিত করতেই যোগাযোগ করা হয়েছে।

তবে কী ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বা কতজন গ্রাহক এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থাটি।

ইথিওপিয়ান এয়ারলাইনস জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রাহকদের আর্থিক তথ্য চুরির কোনো প্রমাণ মেলেনি।

এদিকে এ ঘটনার পর গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাইবার হামলার প্রকৃত পরিধি ও ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা জানতে তদন্ত চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি