ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় দেশজুড়ে সাড়ে ৮ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো এ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চল।
ইউক্রেনের জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, রুশ বাহিনী ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে। এতে পাভলোহরাদ, সামার, কামিয়ানস্কে ও দিনিপ্রো এলাকায় ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। তবে পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিতোমিরসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। জিতোমিরে হামলার পর ১৪০টি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে খারকিভ অঞ্চলে প্রায় আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়লেও পরে সেখানে সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে রাশিয়া। জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনে ১১৫টি ক্ষেপণাস্ত্র, প্রায় ১ হাজার ৯০০টি নিয়ন্ত্রিত বোমা এবং ৩ হাজারের বেশি আক্রমণকারী ড্রোন ছুড়েছে।
এদিকে রোববার সকালে জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখায় আগের হামলার স্থানে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে সোমবারের বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হওয়ার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হলেও এতে কেউ আহত হননি।
এ ছাড়া রোববার দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এতে একটি বাড়ি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
জেলেনস্কির অভিযোগ, আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার আগে ইউক্রেনের ওপর চাপ বাড়াতে মস্কো হামলা জোরদার করেছে।
সূত্র: ইউরোনিউজ ও এপি।
