সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চীনে মানসিক সমস্যায় ভুগছে ১৭ দশমিক ৫ শতাংশ শিশু-কিশোর

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

চীনে মানসিক সমস্যায় ভুগছে ১৭ দশমিক ৫ শতাংশ শিশু-কিশোর

চীনের ১৭ দশমিক ৫ শতাংশ শিশু-কিশোর কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। ২০২১ সালে প্রকাশিত দেশব্যাপী এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বেইজিং অ্যান্ডিং হাসপাতালের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণায় ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার সমস্যা সবচেয়ে বেশি দেখা গেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

গবেষকদের মতে, বাস্তবে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। কারণ, গবেষণায় স্কুলে যায় না, এমন শিশুদের অন্তর্ভুক্ত করা হয়নি।

চীনা বিজ্ঞান একাডেমির ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া ১৪ দশমিক ৮ শতাংশ কিশোর-কিশোরীর মধ্যে বিভিন্ন মাত্রার বিষণ্নতার ঝুঁকি রয়েছে। প্রাপ্তবয়স্কদের তুলনায় তাদের মধ্যে এ ঝুঁকি বেশি। এর আগে একাডেমিটির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে বিষণ্নতার লক্ষণ রয়েছে।

হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিমিন ঝু বলেন, তরুণদের মানসিক স্বাস্থ্যের অবনতির পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে পড়াশোনার প্রতিযোগিতা বেড়ে যাওয়া, ডিজিটাল মাধ্যমের বিস্তার, পারিবারিক কাঠামোর পরিবর্তন এবং দ্রুত সামাজিক পরিবর্তনের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা।

চীনে প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক পর্যন্ত মোট নয় বছরের শিক্ষা বাধ্যতামূলক। এরপর উচ্চ মাধ্যমিকে ভর্তির পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সাধারণ ও কারিগরি শিক্ষার ধারায় ভাগ করা হয়। অঞ্চলভেদে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫০ থেকে ৭০ শতাংশ সাধারণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়।

তবে চীনা সমাজে সাধারণ শিক্ষার প্রতি আগ্রহ বেশি। ফলে অনেক পরিবার কারিগরি শিক্ষাকে ব্যর্থতা হিসেবে দেখে। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হয়।

শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমানো এবং দেশজুড়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও সংকট মোকাবিলার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে চীন সরকার। ২০৩০ সালের মধ্যে দেশটির সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত একজন করে পরামর্শক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর অন্তত একটি মানসিক স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান বা বক্তৃতার আয়োজন করা হবে।

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির ৯২ শতাংশ প্রাথমিক বিদ্যালয় এবং ৯৫ শতাংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরামর্শক রয়েছেন।

তবে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে এখনো বেশ কিছু বাধা রয়েছে। এর মধ্যে রয়েছে মানসিক রোগ নিয়ে সামাজিক নেতিবাচক ধারণা, সন্তানের রোগ শনাক্ত হলে তার সম্ভাব্য প্রভাব নিয়ে অভিভাবকদের উদ্বেগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট।

চীনা বিজ্ঞান একাডেমির এক গবেষণায় দেখা গেছে, সন্তান প্রথমবার মানসিক সমস্যার কথা জানানোর পর মাত্র ২৭ দশমিক ৪ শতাংশ অভিভাবক তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

এ ছাড়া ২০১৯ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছিল, চীনে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষায়িত মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৫০০। তাঁদের অধিকাংশই দেশটির বড় শহরগুলোতে কর্মরত।