দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দূতাবাস পুনরায় চালু করেছে মিশর। গত শনিবার (৭ নভেম্বর) দূতাবাসটি চালুর মধ্য দিয়ে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন পদক্ষেপ নিয়েছে কায়রো।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস চালুর ঘটনাকে লিবিয়া বিষয়ে মিশরের দীর্ঘদিনের নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এত দিন দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সামরিক কমান্ডার খলিফা হাফতারের অন্যতম প্রধান সমর্থক ছিল মিশর। হাফতার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রতিদ্বন্দ্বী।
২০১৪ সালে লিবিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করলে ত্রিপোলিতে মিশরের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। ওই সময় রাজনৈতিক ও সামরিক বিভাজনের কারণে দেশটিতে রাজধানী ও পূর্বাঞ্চলকেন্দ্রিক দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন গড়ে ওঠে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশনও বন্ধ হয়ে যায়।
দূতাবাস পুনরায় চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, দূতাবাস ভবনটির ঐতিহাসিক গুরুত্ব মিশর ও লিবিয়ার দীর্ঘদিনের মানবিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরে।
দীর্ঘ বিরতির পর দূতাবাস চালুর মধ্য দিয়ে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে মিশরের যোগাযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
