বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে তরুণ আটক

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে তরুণ আটক

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৌঁসুলিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক তরুণের বিরুদ্ধে উগ্র ডানপন্থী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে মুসলিমদের উপাসনালয়ে হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের এসলোহে শহরের বাসিন্দা এবং একজন শিক্ষার্থী।

তদন্তকারীদের সন্দেহ, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জার্মানির একটি মসজিদে মুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন ওই তরুণ।

ডুসেলডর্ফের জেনারেল প্রসিকিউটর কার্যালয়ের জ্যেষ্ঠ কৌঁসুলি আলেক্সান্দ্রা ভিসে জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরকে বলেন, প্রাথমিক তদন্তে একটি মসজিদে হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে।

রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে, এমন সহিংস অপরাধের প্রস্তুতি নেওয়ার সন্দেহে ওই তরুণের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তকারীরা তাঁর মধ্যে উগ্র ডানপন্থী মতাদর্শের বেশ কিছু আলামত পেয়েছেন। এর মধ্যে মুসলিমদের প্রতি বর্ণবাদী মনোভাবও রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি