ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন। আগুনের মধ্য থেকে অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দেশটির রাজধানী জাকার্তার কাছের বানতেন প্রদেশের ফনুসা আগুং মুলিয়া কারখানায় এ আগুন লাগে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকর্মী রিজকি দিউয়ান্তো বার্তা সংস্থা এপিকে বলেন, কারখানার কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিভিন্ন স্থানে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
তিনি আরও বলেন, আগুন লাগার ১২ ঘণ্টার বেশি সময় পার হলেও কারখানার বিভিন্ন অংশে আগুন নেভানোর কাজ চলছিল। এ কাজে সেরাং জেলা ও বানতেন প্রদেশের দমকলকর্মীরা অংশ নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
