ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে বের হয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজেই সফরের বিষয়টি জানান।
বার্তায় আরাঘচি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এ সফর সময়োপযোগী। তিনি উল্লেখ করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক সমন্বয় বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোকেই ইরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সরাসরি সংলাপ পুনরায় শুরু করার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর ইরানের কূটনৈতিক তৎপরতা জোরদারের ইঙ্গিত বহন করে। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী ও প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাই তেহরানের মূল লক্ষ্য।
