রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও নিহত, ভাইয়ের ফেসবুক পোস্টে নিশ্চিত

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও নিহত, ভাইয়ের ফেসবুক পোস্টে নিশ্চিত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভাই জাহিদ হাসান প্রান্ত এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার বোন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

জামিল আহমেদ লিমন ইউএসএফে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। বৃষ্টি ও লিমন দুজনই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল লিমনকে সর্বশেষ তার অফ-ক্যাম্পাস বাসভবনে দেখা যায়। এর প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে শেষবারের মতো দেখা যায় বৃষ্টিকে। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব না হলে এক বন্ধু বিষয়টি পুলিশকে জানায়। এরপর তদন্ত শুরু হয়।

শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন সকালে অভিযুক্ত হিশাম সালেহ আবুঘারবিয়াহর বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোনকল পাওয়ার কথাও জানিয়েছে শেরিফ অফিস।