ভারতের আসাম রাজ্যের জোরহাটে দেশটির বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানঘাঁটির ভেতরে আছড়ে পড়ে। পরে এতে আগুন ধরে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা আহতের কোনো তথ্য জানানো হয়নি। দুর্ঘটনার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এএন-৩২ সোভিয়েত আমলে ভারতের চাহিদা অনুযায়ী তৈরি একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান। দীর্ঘদিন ধরে এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন বিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে বাহিনীটির বহরে প্রায় ১০০টি এএন-৩২ বিমান রয়েছে।
