শুক্রবার, ১৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, নিহত ১

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় ২৩ বছর বয়সী এক সন্দেহভাজনকে প্রতিবেশী অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া থেকে আটক করেছে পুলিশ। খবর এনবিসি নিউজের।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডেলাওয়্যারের উইলমিংটনে অবস্থিত ক্রিস্টিয়ানাকেয়ার হাসপাতালে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে হামলার পরপরই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।

উইলমিংটন পুলিশের প্রধান উইলফ্রেডো ক্যাম্পোস এক সংবাদ সম্মেলনে বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এবং আহত ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।

ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ ফিলাডেলফিয়া থেকে এক সন্দেহভাজনকে হেফাজতে নেয়। বুধবার তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়। আটক ব্যক্তি ডেলাওয়্যারের নিউ ক্যাসল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, এটি একটি লক্ষ্যভিত্তিক ও বিচ্ছিন্ন হামলা। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো ব্যাপক নিরাপত্তা হুমকি ছিল না। তবে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।