বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত নিউইয়র্ক সিটির অভিবাসী অধ্যুষিত এলাকার পর্যটন মানচিত্রে ঐতিহাসিক লিটল ইতালি বাদ পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। সমালোচনার পর তিনি মানচিত্রে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের প্রকাশিত ‘ইমিগ্র্যান্ট এনক্লেভ’ মানচিত্রে পাঁচটি বরো জুড়ে ৩০টি অভিবাসী অধ্যুষিত এলাকা স্থান পেয়েছিল। এর মধ্যে ছিল কোরিয়াটাউন, লিটল পাকিস্তান, লিটল ইয়েমেন, তিনটি চায়নাটাউন, লিটল বাংলাদেশ, লিটল পোল্যান্ডসহ বিভিন্ন সম্প্রদায়ের বসতি। তবে ঐতিহাসিক লিটল ইতালির নাম না থাকায় ইতালীয়-আমেরিকান সম্প্রদায়সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ম্যানহাটনের ঐতিহ্যবাহী ফেরারা বেকারির প্রতিনিধি আর্নেস্ট লেপোরে বলেন, লিটল ইতালি শুধু একটি এলাকা নয়, এটি নিউইয়র্কের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।
স্ট্যাটেন আইল্যান্ড বরো প্রেসিডেন্ট ভিটো ফোসেলা সমালোচনা করে বলেন, শুধু লিটল ইতালিই নয়, ব্রুকলিনের ইহুদি সম্প্রদায়, স্ট্যাটেন আইল্যান্ডের শ্রীলঙ্কান সম্প্রদায়সহ আরও অনেক গুরুত্বপূর্ণ অভিবাসী জনগোষ্ঠীর নামও বাদ পড়েছে। তিনি বলেন, যারা এই শহর গড়ে তুলেছেন, তাদের অবদান উপেক্ষা করা ঠিক নয়।
শুক্রবার মেয়র জোহরান মামদানি জানান, এই মানচিত্রটি মূলত ২০২৩ সালে তৈরি করা হয়েছিল। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এতে কয়েকটি নতুন এলাকা যুক্ত করা হয়েছে। তবে এটি নিউইয়র্কের ২০০টিরও বেশি জাতিগত সম্প্রদায়ের পূর্ণাঙ্গ তালিকা নয়।
তিনি বলেন, “লিটল ইতালিকে মানচিত্রে যুক্ত করা হবে এবং ভবিষ্যতে আরও পরিবর্তন আনা হবে, যাতে শহরের বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়।”
এদিকে লিটল ইতালিতে ঘুরতে আসা পর্যটকরাও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিউইয়র্কের বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সব অভিবাসী পাড়ার প্রতিনিধিত্ব থাকা উচিত।
