বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ইমরান-কনা-ঝিলিকের অংশগ্রহণে  ‘মিউজিক্যাল নাইট’ ৩ অক্টোবর

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

নিউইয়র্কে ইমরান-কনা-ঝিলিকের অংশগ্রহণে  ‘মিউজিক্যাল নাইট’ ৩ অক্টোবর

নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিকের অংশগ্রহণে বিশেষ সংগীতানুষ্ঠান ‘অ্যান আনফরগেটেবল মিউজিক্যাল নাইট’। আগামী ৩ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ’। অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংগীতশিল্পী ইমরান, কনা ও ঝিলিক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে শিল্পীরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও আন্তরিকতা আমাদের সবসময়ই মুগ্ধ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলা গানের শ্রোতাদের সঙ্গে সরাসরি দেখা এবং তাদের সামনে গান পরিবেশনের সুযোগকে তারা বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সুন্দর ও দর্শকবান্ধব করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনপ্রিয় তিন শিল্পীর পরিবেশনায় থাকবে তাদের আলোচিত ও শ্রোতাপ্রিয় গান। সুর, সংগীত ও আনন্দে ভরা এই আয়োজনে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের সিইও মোহাম্মদ জাহিদ আলম। আরও উপস্থিত ছিরেন, মুনির জামান, আজাজুল ইসলাম নাঈম, বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ’র নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ। স্পনসরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রকি আলিয়ান, জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন।

প্রসঙ্গত, মাসব্যাপী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিক। এই সফরে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রায় ১০টি শহরে সংগীত পরিবেশন করবেন তারা।