রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকরে নতুন পদ্ধতি আনছে যুক্তরাষ্ট্র

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকরে নতুন পদ্ধতি আনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকরে বিকল্প পদ্ধতি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণঘাতী ইনজেকশনের ওষুধ সংগ্রহে জটিলতার কারণে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করা এবং গ্যাস প্রয়োগ এ ধরনের পদ্ধতি অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে দীর্ঘদিন ধরেই প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে বাধা তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে বিকল্প ব্যবস্থা বিবেচনায় নেওয়া হচ্ছে।

মার্কিন বিচার বিভাগের একটি প্রতিবেদনে এসব পদ্ধতি সুপারিশ করা হয়েছে। এতে কারা ব্যুরোকে বিদ্যমান আইনে অনুমোদিত পদ্ধতির তালিকায় ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করা ও গ্যাস প্রয়োগ অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে আলাবামা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো গ্যাস প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিকল্প পদ্ধতি যুক্ত করা হলে নির্দিষ্ট কোনো ওষুধের অভাব থাকলেও মৃত্যুদণ্ড কার্যকর করা সহজ হবে। তবে নতুন পদ্ধতিগুলো বাস্তবে কার্যকর হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ২০২১ সালে প্রথম মেয়াদের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু করে। সে সময় কয়েক মাসের ব্যবধানে ১৩ জন বন্দিকে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে প্রায় ৫০ বছরে ফেডারেল পর্যায়ে মাত্র তিনটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ সারা দেশে ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে মামলা করছে। তবে এসব মামলার কোনোটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

প্রতিবেদনের ভূমিকায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, আগের প্রশাসনের স্থগিতাদেশ ফেডারেল মৃত্যুদণ্ড ব্যবস্থাকে দুর্বল করেছে এবং এতে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে।