মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

৪ দেশের নাগরিকদের জন্য সৌদিতে অন-অ্যারাইভাল ও ই-ভিসা সুবিধা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

৪ দেশের নাগরিকদের জন্য সৌদিতে অন-অ্যারাইভাল ও ই-ভিসা সুবিধা

মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ও পর্যটন ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, এই চার দেশের নাগরিকদের সৌদি ভিসার জন্য আর দূতাবাসে যেতে হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে অনলাইনে একাধিকবার প্রবেশের সুবিধাসহ (মাল্টিপল এন্ট্রি) পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এ ছাড়া সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছেও অন-অ্যারাইভাল ভিসা নেওয়া যাবে।

এই ভিসার মাধ্যমে পর্যটকেরা ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গেও দেখা করতে পারবেন।

সৌদি আরবে নিযুক্ত মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ আরব নিউজকে বলেন, এই উদ্যোগ মেক্সিকোর পর্যটক, ওমরাহযাত্রী, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত মেক্সিকানদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে।

তবে নতুন ভিসা সুবিধার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। ভিসায় উল্লেখ করা নির্ধারিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করা যাবে না। মেয়াদ অতিক্রম করলে জরিমানা দিতে হবে। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়নের সুযোগ নেই।

মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে একাধিক সফরে অবস্থানের মোট সময় হিসাব করা হবে। এই ভিসায় কোনো ধরনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না।

এ ছাড়া পর্যটন ভিসায় ওমরাহ পালন করা গেলেও হজের নির্ধারিত মৌসুমে এ সুবিধা পাওয়া যাবে না।

সৌদি আরবের পর্যটন খাত সম্প্রসারণ এবং বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে এ নতুন ভিসা সুবিধা চালু করা হয়েছে।

সূত্র: আরব নিউজ